আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : জায়নবাদী এক রেডিও চ্যানেল ঘোষণা করেছে যে, এদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানকে তুরস্কে সাহায্য প্রেরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন ইসরাইলী পররাষ্ট্র মন্ত্রী আভিগদুর লিবারম্যান।
জায়নবাদী দৈনিক ইয়াদিউট আহারুনেট লিখেছে যে, জায়নবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এহুদ বারাক গত মঙ্গলবার তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রেরণের নির্দেশ প্রদান করেছেন। বারাক উক্ত বিবৃতিতে বলেছেন, তুরস্ক কর্তৃক আনুষ্ঠানিক সাহায্যের আহবানের পর তাদের প্রয়োজনীয় জিনিসপত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যদিও তিনি কি ধরণের ত্রাণসামগ্রী তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য প্রেরণ করছেন সে সম্পর্কে কিছু জানান নি। আনকারা ইতিপূর্বে তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের প্রতি তেলআবিবের সাহায্যের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল।
উল্লেখ্য, দেশের পূর্ব অঞ্চলের ঐ ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তুরস্ক ৩০টি দেশের প্রতি জরুরী সাহায্যের আহবান জানিয়েছিল। ঐ ভূমিকম্পে এ পর্যন্ত ৪৩২ জন নিহত এবং ১৩৫২ জন আহত হয়েছে, এ ছাড়া হাজার হাজার ব্যক্তি গৃহহারা হয়েছে।#